কাম্প ন্যুতে আসার আগে চ্যাম্পিয়নস লিগে অ্যাস্টন ভিলার রেকর্ড ছিল নিখুঁত—তিন ম্যাচে তিন জয়। বার্সেলোনার সামনে এসে সেই ধারায় ছেদ পড়ল। লামিন ইয়ামালের গোলে এগিয়ে যাওয়ার পর রাফিনিয়ার জোড়া গোলে ভিলাকে ৩–০ ব্যবধানে হারিয়েছে হান্সি ফ্লিকের দল। পিএসজির কাছে হারের পর ইউরোপের মঞ্চে জয়ে ফিরল বার্সা।
স্পেনের স্থানীয় সময় মঙ্গলবার রাতে স্পটিফাই কাম্প ন্যুতে এই জয়ে চার ম্যাচে বার্সেলোনার পয়েন্ট হলো ৯। প্রথম হারের স্বাদ পাওয়া ভিলার পয়েন্টও সমান। সরাসরি শেষ ষোলোয় ওঠার জন্য সেরা আটে থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট পেল কাতালান ক্লাবটি।
ভুলের সুযোগ নিলেন ইয়ামাল
ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। নিজেদের রক্ষণ থেকে ছোট পাসে আক্রমণ গড়তে গিয়ে বল হারায় ভিলা। সুযোগ পেয়ে বাঁকানো শটে জাল খুঁজে নেন ইয়ামাল।
গোলটি ব্যক্তিগত অর্জনেও বিশেষ হয়ে থাকল স্প্যানিশ উইঙ্গারের জন্য। চ্যাম্পিয়নস লিগে তাঁর গোলসংখ্যা হলো ১৪। কিশোর বয়সে প্রতিযোগিতাটিতে সর্বোচ্চ গোলের হিসাবে কিলিয়ান এমবাপ্পেকে ছাড়িয়ে গেলেন তিনি।
শুরুতেই পিছিয়ে পড়লেও লড়াই ছেড়ে দেয়নি ভিলা। বৃষ্টির মধ্যে সমতা ফেরানোর সুযোগও তৈরি করেছিল সফরকারীরা। তবে বিরতির আগে বার্সেলোনার জাল খুঁজে পায়নি তারা। এক গোলের ব্যবধান নিয়েই প্রথমার্ধ শেষ করে স্বাগতিকেরা।
দ্বিতীয়ার্ধে রাফিনিয়ার জবাব
বিরতির পর ভিলাকে ফেরার সুযোগ দেননি রাফিনিয়া। ৫২ মিনিটে ফের্মিন লোপেজের পাস থেকে পায়ের কাজে জায়গা বানিয়ে নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
এর ১২ মিনিট পর আবারও রাফিনিয়ার উদ্যাপন। জোয়াও কানসেলোর পায়ের বাইরের অংশ দিয়ে দেওয়া দারুণ পাস ধরে কাছ থেকে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। ৩–০ হয়ে যাওয়ার পর ম্যাচে ফেরার কাজটা আরও কঠিন হয়ে পড়ে উনাই এমেরির দলের জন্য।
ভিলার বদলি খেলোয়াড় লিওন গোরেৎস্কার একটি হেড পোস্টের বাইরের অংশে লাগে। শেষ পর্যন্ত কোনো গোল শোধ করতে পারেনি ইংলিশ দলটি। দুই গোল করা রাফিনিয়াই হয়েছেন ম্যাচসেরা।
অন্য ম্যাচের সময় ও সম্প্রচার জানতে দেখুন টিভিতে আজকের খেলা।
