ত্রয়োদশ সংসদ নির্বাচন: ২৯৯ আসনের ফল ঘোষণা, বিএনপি ২১৩ আসনে জয়

bangladesh election

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। শুক্রবার দুপুরে কমিশন ঘোষিত ফলাফলে দেখা গেছে, সবচেয়ে বেশি আসনে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি ২১৩টি আসনে জয় লাভ করেছে। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৫টি আসন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ খেলাফত মজলিস এবং গণসংহতি আন্দোলন একটি করে আসনে জয়লাভ করেছে। এছাড়া ৭ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

এদিকে আইনি জটিলতার কারণে তিনটি আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। স্থগিত হওয়া আসনগুলো হলো— শেরপুর-২, চট্টগ্রাম-২ এবং চট্টগ্রাম-৪।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এসব আসনে প্রার্থীদের বিষয়ে আপিল বিভাগে দায়ের করা মামলা বিচারাধীন রয়েছে। আদালতের চূড়ান্ত আদেশ ও আইনি বাধ্যবাধকতার কারণে আপাতত এসব আসনের ফলাফল প্রকাশ করা হচ্ছে না।

চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী, চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সরোয়ার আলমগীর এবং শেরপুর-২ আসনের প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর বিষয়ে আপিল বিভাগের নির্দেশনার আলোকে তারা নির্বাচনে অংশগ্রহণ করলেও মামলার চূড়ান্ত নিষ্পত্তির ওপর তাদের নির্বাচনের ফলাফল নির্ভর করবে বলে জানিয়েছে কমিশন।

নির্বাচন কমিশন জানিয়েছে, সংশ্লিষ্ট মামলাগুলোর চূড়ান্ত নিষ্পত্তির পর এসব আসনের ফলাফল প্রকাশ করা হবে।