নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ছয় বাংলাদেশির মধ্যে পাঁচজনই নারায়ণগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে। নিহতদের মধ্যে চারজন নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের এবং একজন পাশের বক্তাবলী ইউনিয়নের বাসিন্দা। অপর নিহত ব্যক্তি মুন্সিগঞ্জের রিকাবিবাজার এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৮ জুলাই) রাত প্রায় ৩টার দিকে দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন এলাকায় একটি দোকানে আগুন লাগে। এতে ঘটনাস্থলেই ছয় বাংলাদেশির মৃত্যু হয়।
আলীরটেক ইউনিয়ন পরিষদের সদস্য রওশন আলী জানান, নিহতদের মধ্যে চারজন তার ইউনিয়নের বাসিন্দা। অন্য দুজনের মধ্যে একজন বক্তাবলী ইউনিয়নের এবং অপরজন মুন্সিগঞ্জের রিকাবিবাজার এলাকার। তারা সবাই পরস্পরের আত্মীয় ছিলেন।
তিনি বলেন, “খবরটি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। নিহতরা সবাই একে অপরের আত্মীয়। এমন মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”
এদিকে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন জানিয়েছেন, এ ঘটনায় এখনো সরকারি পর্যায়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বার্তা আসেনি। একই সঙ্গে নিহতদের পরিবারের পক্ষ থেকেও প্রশাসনের সঙ্গে কেউ যোগাযোগ করেননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান।
দক্ষিণ আফ্রিকায় কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা অগ্নিকাণ্ডের কারণ কী, সে বিষয়ে এখনো স্থানীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।
