মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষে ৩ বাংলাদেশি নিহত, গুরুতর আহত ১

Expatriate killed

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলানের লিঙ্গি এলাকায় সহকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৩ আগস্ট) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে তামান লিঙ্গির একটি বাড়িতে কয়েকজন বাংলাদেশির মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। নেগেরি সেম্বিলানের পুলিশ প্রধান দাতুক আলজাফনি আহমদ এ তথ্য জানান।

পুলিশ ঘটনাস্থল থেকে একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। তবে নিহত ও আহতদের বিস্তারিত নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

পুলিশ জানায়, ওই বাড়ি থেকে দুজনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপরজন গুরুতর আহত থাকায় তাকে রেম্বাউ হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী লাডাং সুয়া মাঙ্গিস এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা দাঁড়ায় তিনজনে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, নিহত ও অভিযুক্ত ব্যক্তিরা একই বাড়িতে বসবাস করতেন এবং একই প্রতিষ্ঠানে কাজ করতেন। তবে তাদের মধ্যে সংঘর্ষের সঠিক কারণ এবং ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

গ্রেপ্তার ব্যক্তিকে রিমান্ডের জন্য পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা হিসেবে তদন্ত করছে পুলিশ।