অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের সুদের হার কিছুটা কমে আসায় আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। মঙ্গলবার প্রায় ২ শতাংশ দরপতনের পর আজ বুধবার (১৯ আগস্ট) বিশ্ববাজারে ঘুরে দাঁড়িয়েছে মূল্যবান এই ধাতুটি। দিনে স্পট গোল্ডের দাম ০.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ট্রয় আউন্স ৪ হাজার ৩৫৬ দশমিক ৫৫ ডলারে পৌঁছেছে।
প্রতি ডলারের দাম ১২২ টাকা ধরে হিসাব করলে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের ভিত্তিমূল্য দাঁড়ায় প্রায় ৫ লাখ ৩১ হাজার ৫০০ টাকা। সেই হিসাবে প্রতি গ্রাম স্বর্ণের দাম হয় প্রায় ১৭ হাজার ১০০ টাকা। ফলে ১১ দশমিক ৬৬৪ গ্রামের এক ভরি স্বর্ণের আন্তর্জাতিক স্পট মূল্য দাঁড়াচ্ছে প্রায় ১ লাখ ৯৯ হাজার ৪০০ টাকা—যা প্রায় ২ লাখ টাকার কাছাকাছি।
তবে বিশ্লেষকরা সতর্ক করে জানিয়েছেন, আন্তর্জাতিক স্পট মূল্যের হিসাবের সঙ্গে দেশীয় খুচরা বাজারের দামের সরাসরি পার্থক্যের সুযোগ নেই। স্থানীয় বাজারে চূড়ান্ত বিক্রয়মূল্য নির্ধারণের সময় ডলারের প্রকৃত বিনিময় হার, ভ্যাট, পরিবহন খরচ এবং মেকিং চার্জ বা মজুরি যুক্ত হওয়ায় ক্রেতা পর্যায়ে এই দাম আরও অনেক বেশি হতে পারে।
