ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা ও পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
তিনি বলেছেন, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা এবং উন্নয়ন সহায়তার ক্ষেত্রে ডেনমার্ক বাংলাদেশের গুরুত্বপূর্ণ সহযোগী হতে পারে। বিশেষ করে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের ক্ষেত্রেও দেশটির বিনিয়োগের সুযোগ রয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) স্থানীয় সরকার মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন।
সায়েদাবাদ পানি শোধনাগারে ডেনমার্কের বড় সহায়তা
বৈঠকে সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপে ডেনমার্কের অর্থায়ন ও সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্পটির জন্য ডেনমার্ক সরকার মোট সাড়ে ৪ হাজার কোটি টাকা অর্থায়ন করবে।
এর মধ্যে ১ হাজার ৫০০ কোটি টাকা অনুদান এবং ৩ হাজার কোটি টাকা স্বল্পসুদে ঋণ হিসেবে দেওয়া হবে।
সরকারের প্রত্যাশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানীতে বিশুদ্ধ পানির সরবরাহ বাড়বে এবং ক্রমবর্ধমান পানির চাহিদার চাপ অনেকটাই কমানো সম্ভব হবে।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপে ডেনমার্কের সহযোগিতা সরকারের জন্য একটি বড় সাফল্য। প্রকল্পটি ঢাকার পানি সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়ানোর আলোচনা
বৈঠকে বাংলাদেশ ও ডেনমার্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা সম্প্রসারণ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ডেনমার্কের বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বাংলাদেশের নগর ব্যবস্থাপনায় পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত। এসব ক্ষেত্রে ডেনমার্কের অভিজ্ঞতা ও বিনিয়োগ বাংলাদেশের জন্য কার্যকর হতে পারে।
বিশেষ করে বর্জ্যকে কাজে লাগিয়ে জ্বালানি উৎপাদনের ক্ষেত্রেও ডেনমার্কের সঙ্গে সহযোগিতার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বৈঠকের শুরুতে ডেনমার্কের রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণ করায় স্থানীয় সরকার মন্ত্রীকে অভিনন্দন জানান। একই সঙ্গে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
