বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১০ হাজার কর্মী, অনুমোদন পেল ৩৩৮ এজেন্সি

malaysia-bangladesh-labor-recruitment

ঢাকা: দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশি কর্মীদের জন্য আবারও উন্মুক্ত হতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। নতুন প্রক্রিয়ার শুরুতেই কোনো প্রকার অভিবাসন ব্যয় ছাড়াই ১০ হাজার বাংলাদেশিকে নেওয়ার বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে মালয়েশিয়া সরকার।

শুক্রবার (২৮ আগস্ট) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টা ও উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনার ফলেই এই দ্বার উন্মোচিত হয়েছে।

প্রথম বহর যাবে বোয়েসেলের মাধ্যমে বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম ধাপে নির্বাচিত ১০ হাজার কর্মীর বিমানভাড়াসহ যাবতীয় অভিবাসন ব্যয় বহন করবে নিয়োগকারী দেশ। কর্মীদের সম্পূর্ণ বিনা খরচে সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বিশেষ চার্টার্ড ফ্লাইটে মালয়েশিয়ায় পাঠানো হবে। কর্মী পাঠানোর সুনির্দিষ্ট প্রক্রিয়া চূড়ান্ত হলে মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

সুযোগ পাচ্ছে ৩৩৮টি রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ার মন্ত্রিসভার সিদ্ধান্ত মোতাবেক, কর্মী পাঠানো প্রধান পাঁচটি দেশের জন্য নির্দিষ্ট এজেন্সি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশের সরাসরি ২৫টি রিক্রুটিং এজেন্সির পাশাপাশি আরও ৩১২টি অ্যাসোসিয়েট এজেন্সি এবং সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলসহ মোট ৩৩৮টি এজেন্সিকে কর্মী পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে। মালয়েশিয়ার আন্তমন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনের সমন্বয়ে গঠিত যৌথ কমিটি এসব এজেন্সি যাচাই-বাছাই করেছে।

প্রাথমিকভাবে ১৬টি মেডিকেল সেন্টার শ্রমবাজার দ্রুত সচল করতে বিতর্কিত প্রতিষ্ঠানগুলোকে বাদ দিয়ে প্রাথমিকভাবে ১৬টি মেডিকেল সেন্টারের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে মালয়েশিয়ার একটি উচ্চপর্যায়ের যৌথ প্রতিনিধিদল বাংলাদেশে সরেজমিনে পরিদর্শন শেষে মেডিকেল সেন্টারের পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্ত করবে।

প্রতারক ও দালাল চক্র থেকে সতর্ক থাকার নির্দেশ সরকারি আনুষ্ঠানিক নির্দেশনা জারির পূর্বে কোনো ব্যক্তি বা এজেন্সির সঙ্গে আর্থিক লেনদেন, পাসপোর্ট জমা বা মেডিকেল পরীক্ষা না করার জন্য কর্মপ্রত্যাশীদের কঠোরভাবে সতর্ক করেছে মন্ত্রণালয়।

এছাড়াও কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী নিয়মিত বেতন-ভাতা, আবাসন ও চিকিৎসাসেবা নিশ্চিতের পাশাপাশি অভিবাসন সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে ২৪ ঘণ্টার বিশেষ মনিটরিং সেল ও হেল্প ডেস্ক চালু করার উদ্যোগ নিয়েছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়।