‘আব্বু, আমাদের জাহাজে মিসাইল অ্যাটাক হইছে’—বাবার অডিও শুনে আতঙ্কে পরিবার

mv-cape-dao-ship-attack-aman-ullah

অসুস্থ ভাইকে হাসপাতালে নিতে চট্টগ্রামের এনায়েতবাজারের বাসা থেকে বেরিয়েছিলেন মো. সাকিব আমান। সঙ্গে ছিলেন মা ও দুই ভাই। পথেই হোয়াটসঅ্যাপে বাবা মো. আমান উল্লাহর পাঠানো একটি অডিও বার্তা পান তিনি। বার্তাটি চালু করতেই শোনেন বাবার উদ্বিগ্ন কণ্ঠ— ‘আব্বু, আব্বু, আমাদের জাহাজে মিসাইল অ্যাটাক হইছে। দোয়া করো আব্বু, দোয়া করো। হয়তো আর কমিউনিকেশন করতে পারব না, আব্বু। সাবধানে থাইকো। আর দোয়া করো।  আম্মুকে (সাকিবের মা) এই কথা বলার দরকার নাই। আম্মু খুব চিন্তা করবে।’

সাকিব জানান, অডিওটি গাড়ির সবাই শুনতে পান। বাবার বিপদের খবর শুনে তাঁর মা কান্নায় ভেঙে পড়েন। এরপর কিছু সময় আমান উল্লাহর সঙ্গে পরিবারের যোগাযোগও ছিল না।

আমান উল্লাহ পণ্যবাহী জাহাজ এমভি কেপ দাওয়ের প্রধান প্রকৌশলী। বুধবার সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতের দিকে যাওয়ার পথে ওমানের মুসান্দাম উপকূলের কাছে জাহাজটি হামলার শিকার হয়। হামলায় ইঞ্জিনকক্ষে আগুন ধরে যায় এবং একজন নাবিক নিহত হন। ওমানের নৌবাহিনী জাহাজ থেকে ২৭ জনকে উদ্ধার করে। নিহত নাবিক ভারতীয় নাগরিক বলে নিশ্চিত করেছে ওমানে ভারতীয় দূতাবাস।

পরে বাবার সঙ্গে আবার যোগাযোগ হয় বলে জানান সাকিব। তাঁর ভাষ্য অনুযায়ী, আমান উল্লাহকে উদ্ধার করে ওমানে নেওয়া হয়েছে এবং তিনি নিরাপদে আছেন। তবে হামলার পর আতঙ্কে কাটানো সময়ের কথা ভুলতে পারছে না পরিবার। আমান উল্লাহর নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা নিশ্চিত করতে তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।