রাজধানীর ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিউ গিনি প্রোপার্টিজের আবাসন প্রকল্পে এ ঘটনা ঘটে। স্টুডিও থেকে সরঞ্জাম লুটের অভিযোগও উঠেছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
স্টুডিওর এক কর্মীর ভাষ্য, একদল লোক শাটার ভেঙে ভেতরে ঢুকে মালামাল নিয়ে যায় এবং বাকি সরঞ্জাম ভাঙচুর করে। হামলার সময় স্টুডিওতে থাকা দুই কর্মী শৌচাগারে আশ্রয় নেন। সেখানেও তাঁদের ভয় দেখিয়ে ফোন ও মানিব্যাগ নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন তাঁরা।
সালমান মুক্তাদির অভিযোগ করেছেন, চাঁদাবাজির বিরোধের জেরে আবাসন প্রকল্পে হামলা হয়েছে; এর মধ্যে তাঁর স্টুডিওও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ব্যক্তিগতভাবে তাঁর কাছে চাঁদা দাবি করা হয়নি বলেও তিনি জানিয়েছেন। হামলায় কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনও নির্ধারণ করা যায়নি।
অন্যদিকে ঢাকা মহানগর পুলিশের ক্যান্টনমেন্ট জোনের সহকারী কমিশনার মোহাম্মদ নাজমুল হকের ভাষ্য, আবাসন প্রকল্পের জমি নিয়ে দুই পক্ষের বিরোধের মধ্যে স্টুডিওটি ভাঙচুরের শিকার হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে। হামলার কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে।
