ঢাকায় কেন্দ্রীয় এমআরভি সার্ভারে কারিগরি ত্রুটির কারণে বিদেশে বাংলাদেশ মিশনগুলোর ভিসা সেবা সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে। এর প্রভাব পড়েছে ভিসা আবেদন প্রক্রিয়াকরণ ও নো ভিসা রিকোয়ার্ড বা এনভিআর সেবায়। সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কারিগরি দল কাজ করছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে পৃথক জরুরি বিজ্ঞপ্তিতে এ অসুবিধার কথা জানিয়েছে ব্যাংকক ও লিসবনের বাংলাদেশ দূতাবাস। আবেদনকারীদের পরিস্থিতি বিবেচনায় রেখে ভ্রমণ পরিকল্পনা করার অনুরোধ জানিয়েছে ব্যাংকক মিশন।
ব্যাংককের বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিসা সার্ভারে সাময়িক কারিগরি ত্রুটির কারণে আবেদন জমা দেওয়া কিংবা ভিসাসংক্রান্ত সেবা নিতে অসুবিধা হতে পারে। দ্রুততম সময়ের মধ্যে সিস্টেম সচল করতে কাজ চলছে।
সিস্টেম পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত সম্ভব হলে তাৎক্ষণিক ভিসা প্রক্রিয়াকরণের ওপর নির্ভরশীল জরুরি ভ্রমণ পরিকল্পনা এড়িয়ে চলতে অনুরোধ করেছে দূতাবাস।
অন্যদিকে লিসবনের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ঢাকায় অবস্থিত মেশিন রিডেবল ভিসা বা এমআরভির কেন্দ্রীয় সার্ভার সাময়িকভাবে অচল থাকায় ভিসা ও নো ভিসা সেবা দিতে সমস্যা হচ্ছে। সার্ভার চালু হওয়ার পর ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ইতিবাচক সংকেত পেলে পরবর্তী বিজ্ঞপ্তিতে সেবা চালুর তথ্য জানাবে মিশন।
সমস্যাটি শুধু এই দুই মিশনের মধ্যে সীমাবদ্ধ নয়। সোমবার রাতে এক জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদ সংস্থা ইউএনবিকে জানিয়েছেন, কেন্দ্রীয় সার্ভারের ত্রুটির কারণে বিদেশে বাংলাদেশের সব মিশন একই সমস্যার মুখে পড়েছে। ইউরোপের একটি দেশ থেকে আবেদন করা এক ব্যক্তিও সংবাদ সংস্থাটিকে জানিয়েছেন, অনলাইনে আবেদন জমা দিলেও পরবর্তী প্রক্রিয়া এগিয়ে নিতে পারছেন না।
দুই দূতাবাসের বিজ্ঞপ্তিতে সেবা স্বাভাবিক হওয়ার নির্দিষ্ট সময় জানানো হয়নি। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতা চেয়েছে ব্যাংকক ও লিসবন মিশন।
