সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করল বিএফআইইউ

salman muqtadir bank account

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব ও লেনদেনের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার (৩০ সেপ্টেম্বর) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে এ বিষয়ে নির্দেশনা পাঠিয়েছে সংস্থাটি। কয়েকটি ব্যাংক নির্দেশনা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

নির্দেশনায় সালমানের নামে থাকা ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্যের পাশাপাশি হিসাব খোলার ফরম, গ্রাহক পরিচিতিসংক্রান্ত কেওয়াইসি নথি এবং লেনদেনের বিবরণী পাঠাতে বলা হয়েছে। জাগো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হিসাব খোলার পর থেকে বর্তমান সময় পর্যন্ত লেনদেনের তথ্য চেয়েছে বিএফআইইউ।

দৈনিক এদিনের প্রতিবেদন অনুযায়ী, সংশ্লিষ্ট হিসাবের কেওয়াইসি ও বিবরণীর সফটকপিও দিতে বলা হয়েছে। পাশাপাশি নির্ধারিত এক্সেল ফাইলে হিসাবের তথ্য, সুদ আয় এবং উৎসে করের বিবরণ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তলব করা তথ্যের গোপনীয়তা বজায় রাখতেও বলা হয়েছে ব্যাংকগুলোকে।

সম্প্রতি রাজধানীর ইসিবি চত্বর এলাকায় সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। গত শনিবার রাতের ওই ঘটনার কয়েক দিনের মধ্যে তাঁর ব্যাংক হিসাবের তথ্য চাওয়ার খবর এল। তবে স্টুডিওতে হামলার ঘটনার সঙ্গে এই তথ্য তলবের কোনো সম্পর্ক আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি ।