প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের

special courts expatriates law minister

প্রবাসীদের দেশে পাঠানো অর্থ ও সম্পত্তি নিয়ে বিরোধ দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা নিয়েছে সরকার। বিভাগীয় সদর দপ্তরগুলোতে এই আদালত গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। প্রস্তাবটি এখন খসড়া পর্যায়ে রয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘সোনার মানুষ সম্মিলন–২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, দেশের শ্রমিকদের জন্য শ্রম আইন ও বিশেষ শ্রম আদালত রয়েছে। কিন্তু প্রবাসীরা বিদেশ থেকে পরিবারের কাছে পাঠানো অর্থ ফেরত চাইতে গিয়ে কিংবা দেশে সম্পত্তি নিয়ে বিরোধে জড়ালে দীর্ঘ আইনি প্রক্রিয়ার মুখোমুখি হন। বছরের পর বছর মামলা চালাতে গিয়ে তাঁদের অর্থ ও সময় ব্যয় হয়।

এই ভোগান্তি কমাতেই প্রবাসীদের জন্য আলাদা আদালতের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, বিশেষায়িত এই আদালতে প্রবাসীদের সম্পদসংক্রান্ত বিরোধসহ তাঁদের স্বার্থসংশ্লিষ্ট মামলা নিষ্পত্তির ব্যবস্থা থাকবে।

আইনমন্ত্রী বলেন, “এই পরিকল্পনা আমরা হাতে নিয়েছি এবং আশা করি এটা আমরা অচিরেই শুরু করতে পারব।”

আদালত গঠনের জন্য আইন প্রণয়নের কাজ এখন খসড়া পর্যায়ে রয়েছে বলেও জানান আসাদুজ্জামান। জনমত যাচাই শেষে সংসদের পরবর্তী অধিবেশনে প্রস্তাবটি আনা যায় কি না, তা নিয়ে চিন্তাভাবনা চলছে। তবে আদালতের কার্যক্রম শুরুর নির্দিষ্ট তারিখ জানাননি তিনি।