মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বর প্লেট,

motorcycle front number plate brta

দেশের সব মোটরসাইকেলের পেছনের ডিজিটাল নম্বরপ্লেটের পাশাপাশি এবার সামনের দিকেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জানিয়েছে, আগামী ১৫ নভেম্বর ২০২৬-এর মধ্যে নির্ধারিত মাপ ও শর্ত মেনে মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না করলে সংশ্লিষ্ট মোটরসাইকেল মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছে বিআরটিএ। বর্তমানে মোটরসাইকেলের পেছনে অনুমোদিত আরএফআইডিসহ রেট্রো-রিফ্লেকটিভ ধাতব নম্বরপ্লেটে নিবন্ধন নম্বর প্রদর্শনের ব্যবস্থা রয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একই নিবন্ধন নম্বর এখন মোটরসাইকেলের সামনের অংশেও দৃশ্যমানভাবে প্রদর্শন করতে হবে।

নিজের ব্যবস্থাপনায় লাগাতে হবে নম্বরপ্লেট

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, সামনের এই নম্বরপ্লেট আপাতত মোটরসাইকেল মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় তৈরি ও সংযোজন করতে হবে। তবে ইচ্ছেমতো আকার, রং বা নকশার নম্বরপ্লেট ব্যবহার করা যাবে না। নির্ধারিত মাপ ও নকশা অনুসরণ করতে হবে।

স্কুটারের নম্বরপ্লেটের মাপ

স্কুটারের ক্ষেত্রে সামনের নম্বরপ্লেটের—

  • দৈর্ঘ্য হতে হবে ২০০ মিলিমিটার
  • প্রস্থ হতে হবে ১০০ মিলিমিটার
  • অক্ষর ও সংখ্যার উচ্চতা হতে হবে কমপক্ষে ২০ মিলিমিটার

নম্বরপ্লেটটি স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের হতে হবে। সাদা পটভূমির ওপর কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে।

অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে মাপ

স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের—

  • দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার
  • প্রস্থ হবে ৫০ মিলিমিটার
  • অক্ষর ও সংখ্যার উচ্চতা হবে কমপক্ষে ২০ মিলিমিটার

এ ধরনের মোটরসাইকেলের নিবন্ধন নম্বর একটি অনুভূমিক রেখায় প্রদর্শন করা যাবে। যেমন—ঢাকা মেট্রো-ল-১১-১২২৯।

নম্বরপ্লেটে নকশা করা যাবে না

বিআরটিএর শর্ত অনুযায়ী, নম্বরপ্লেটের পটভূমি সাদা এবং অক্ষর ও সংখ্যা কালো হতে হবে। নম্বরপ্লেটে কোনো ধরনের শোভাবর্ধক নকশা, অতিরিক্ত চিহ্ন বা ডিজাইন ব্যবহার করা যাবে না।

স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম দিয়ে প্লেট তৈরি করতে হবে এবং মোটরসাইকেলের সামনে এমনভাবে বসাতে হবে, যাতে নিবন্ধন নম্বর সহজে দৃশ্যমান হয়।

সময়সীমা ১৫ নভেম্বর

বিআরটিএ জানিয়েছে, দেশের সংশ্লিষ্ট সব মোটরসাইকেল মালিককে ১৫ নভেম্বর ২০২৬-এর মধ্যে নতুন নির্দেশনা অনুযায়ী সামনের নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনের ব্যবস্থা করতে হবে।