বিএনপি ক্ষমতায় গেলে শ্রমের মর্যাদা ও সমতাভিত্তিক রাষ্ট্র গড়া হবে: ডা. জুবাইদা রহমান

zubayda rahman bnp labour dignity equity state

বিএনপি ক্ষমতায় এলে শ্রমের মর্যাদা, জ্ঞানের মূল্যায়ন এবং সমতাভিত্তিক রাষ্ট্র উপহার দেওয়ার অঙ্গীকার করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে ক্ষমতার আগে জনতা এবং নেতার আগে সাধারণ মানুষ প্রাধান্য পাবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হাতিরঝিলের অ্যাস্ফিথিয়েটারে ঢাকা-১৭ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বিএনপির আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, দেশের সমস্যা অনেক হলেও সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সেগুলোর সমাধান সম্ভব। তিনি বলেন,
“এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়। আমরা বলি—আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ।”

বিএনপির রাজনীতিকে পরিকল্পনাভিত্তিক ও জনকল্যাণমুখী উল্লেখ করে তিনি বলেন,
“আমরা শ্রমের মর্যাদা, মেধার মূল্যায়ন ও সুবিচার দিতে চাই। এমন একটি দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা। এজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, বিএনপি শোষণের রাজনীতি নয়, বরং অধিকারভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। তার ভাষায়,
“আমরা সমতাভিত্তিক, জ্ঞানভিত্তিক এবং শ্রমের মর্যাদাভিত্তিক রাষ্ট্র গড়তে চাই। শোষণের আগে অধিকার—এই নীতিতেই আমরা এগোতে চাই।”

মতবিনিময় সভায় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক সমাজ গঠন সম্ভব।

এ সময় সভায় জানানো হয়, আগামী শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হবে। ইশতেহারে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধানে একটি সুস্পষ্ট রূপরেখা তুলে ধরা হবে বলে জানানো হয়।