শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকারের নীরবতায় ক্ষোভ নাসীরুদ্দীন পাটওয়ারীর

nasiruddin patwary rally bangladesh

শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান অগ্রগতি না জানানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেন, এক সপ্তাহ ধরে সরকারের কাছে অগ্রগতি জানতে চাইলেও সংশ্লিষ্ট মহল কার্যত নীরব ভূমিকা পালন করছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঐক্য’-এর ব্যানারে আয়োজিত ‘র‌্যালি ফর বাংলাদেশ’ কর্মসূচির সমাবেশে এসব কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার দেখেও না দেখার ভান এবং শুনেও না শোনার ভান করছে। লোক দেখানো জানাজা আয়োজন ছাড়া শহীদ হাদি হত্যার বিচার প্রক্রিয়ায় সরকার কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

আন্দোলনকারীদের ওপর পুলিশের অভিযানের অভিযোগ তুলে তিনি বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীদের ওপর জলকামান ও বলপ্রয়োগ করা হয়েছে। এতে জাবের, জুমা ও রনিসহ অন্তত ৩০ জন আহত হন। এ ঘটনায় সরকার ও প্রশাসনের ভূমিকার তীব্র সমালোচনা করেন তিনি।

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপির এই নেতা বলেন, আন্দোলনকারীদের পরিকল্পিতভাবে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে, যার দায় সরকারকে নিতে হবে। তিনি দাবি করেন, একটি মহল নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে এসব তৎপরতা চালাচ্ছে এবং বিষয়টির নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার ভয় ও দ্বিধার মধ্যে সিদ্ধান্ত নিচ্ছে, যার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। তিনি নির্বাচন কমিশনের সামনে রাজনৈতিক চাপ ও অনিয়মের চেষ্টার অভিযোগও তোলেন।

সমাবেশে তিনি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন এবং বলেন, এ ধরনের অপরাধের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।