সিলেটে পর্যবেক্ষক পরিচয়ে ভোটকেন্দ্রে ঢোকার চেষ্টা, তিন তরুণ আটক

Sylhet vote centre

সিলেট নগরের শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে পর্যবেক্ষক পরিচয়ে প্রবেশের চেষ্টা করার সময় তিন তরুণকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী।

আজ বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রাতের বেলা তিন তরুণ ভোটকেন্দ্রে ঢোকার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাঁদের বাধা দেন। খবর পেয়ে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পুলিশ ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক তিন তরুণ নিজেদের পর্যবেক্ষক বলে দাবি করেছেন। তবে রাতের বেলা কেন তাঁরা কেন্দ্রে প্রবেশের চেষ্টা করেছিলেন এবং তাঁরা প্রকৃতপক্ষে পর্যবেক্ষক কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। পর্যবেক্ষক হয়ে থাকলে তাঁরা কোনো আইন লঙ্ঘন করেছেন কি না, সে বিষয়েও তদন্ত চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, দুপুরে জামায়াতের এক নেতার বাসা থেকে লাঠিসোঁটা উদ্ধারের ঘটনা উদ্বেগজনক এবং এটি নির্বাচনী পরিবেশের জন্য ভালো লক্ষণ নয়। তিনি বলেন, সিলেটের সম্প্রীতির পরিবেশ বজায় রেখে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা প্রয়োজন।

তিনি আরও অভিযোগ করেন, রাতের বেলা পর্যবেক্ষকদের কেন্দ্রে আসার কারণ প্রশাসনের তদন্ত করা উচিত এবং প্রিসাইডিং কর্মকর্তা কীভাবে তাঁদের ঢোকার অনুমতি দিয়েছেন তা খতিয়ে দেখা দরকার।

একই সঙ্গে নগরের ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীদের কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়ার অভিযোগও করেন বিএনপির এই নেতা।