লক্ষ্মীপুর–৩ আসনে বিএনপি প্রার্থীর গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার

Lakshmipur election news

লক্ষ্মীপুর–৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ বুধবার রাত আটটার দিকে শহরের ঝুমুর এলাকায় তল্লাশিচৌকিতে এ টাকা উদ্ধার করা হয়।

এ সময় এ্যানির ব্যক্তিগত সহকারী (পিএস) ও কৃষক দলের জ্যেষ্ঠ সহসভাপতি বদরুল ইসলাম শ্যামলসহ তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

এ ঘটনায় আধা ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য এবং লক্ষ্মীপুর জেলা জজ আদালতের বিচারক তাহরিনা আক্তার নওরিন ১৫ লাখ টাকা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করেননি।

প্রত্যক্ষদর্শী ও নির্বাচন অনুসন্ধান টিম সূত্রে জানা গেছে, নির্বাচনকালীন নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঝুমুর এলাকায় তল্লাশিচৌকি বসায়। এ সময় কৃষক দল নেতাসহ তিনজন একটি গাড়িতে করে যাচ্ছিলেন। গাড়িটি তল্লাশি করে ১৫ লাখ টাকা পাওয়া যায়। পরে তাঁদের জেলা জজ আদালতে নেওয়া হলে বিচারক অভিযুক্তদের আধা ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন। পরবর্তীতে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান বলেন, নির্বাচনী ব্যয়ের জন্য নির্ধারিত সীমার মধ্যেই ওই টাকা বহন করা হচ্ছিল এবং এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশের জবাব দেওয়া হবে।

এদিকে একটি ভিডিও বার্তায় শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, তাঁর নির্বাচনী এজেন্ট বিভিন্ন কেন্দ্রে ব্যয় বাবদ অর্থ পৌঁছে দিতে গাড়িটি ব্যবহার করছিলেন। তল্লাশির পর আদালত সংশ্লিষ্ট ব্যক্তিদের ছেড়ে দিয়েছে এবং এ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন।