অস্ট্রেলিয়ার ভিসা মঞ্জুরির চিঠি (Visa Grant Letter) আসল নাকি ভুয়া—এটি এখন ঘরে বসেই অনলাইনে যাচাই করা যাবে। অস্ট্রেলিয়া সরকারের ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্সের অফিসিয়াল পোর্টাল ‘ImmiAccount’-এর মাধ্যমে আবেদনকারীরা তাদের ভিসার সত্যতা নিশ্চিত করতে পারবেন।
সোমবার (২৫ মে) ঢাকাস্থ Australian High Commission এক বিশেষ বার্তায় এ তথ্য জানিয়েছে।
হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়, অনেক সময় এজেন্টরা ভিসা মঞ্জুরির নামে কাগজপত্র সরবরাহ করে থাকে। এসব ডকুমেন্ট আসল কি না, তা যাচাই করতে অবশ্যই আবেদনকারীকে অফিসিয়াল ইমিগ্রেশন পোর্টাল ব্যবহার করতে হবে।
সরকারি পোর্টাল: ImmiAccount
এই পোর্টালের মাধ্যমে একজন আবেদনকারী তার ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। এর মধ্যে রয়েছে—
- কোন ধরনের (Subclass) ভিসা ইস্যু হয়েছে
- অস্ট্রেলিয়ায় কতদিন অবস্থান করা যাবে
- ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতি আছে কি না
হাইকমিশন আরও জানায়, সাম্প্রতিক সময়ে ভুয়া ভিসা লেটার ও প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো ধরনের আর্থিক লেনদেন বা সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই সরকারি পোর্টাল থেকে তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র এজেন্টের দেওয়া কাগজপত্রের ওপর নির্ভর না করে সরাসরি ইমিগ্রেশন সিস্টেমে তথ্য যাচাই করাই সবচেয়ে নিরাপদ উপায়।
