মালয়েশিয়ায় প্রবাসীদের মিলনমেলা, ঈদের আনন্দ ভাগাভাগি

malaysia-probashi-bangladeshi-eid-reunion

সুদূর প্রবাসে বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি আর ঈদের আবহকে ধরে রাখতে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।

দেশটির সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সী মিলেনিয়াম কোম্পানির কর্ণধার মো. অহিদুর রহমানের সার্বিক উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে এ ব্যতিক্রমী আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সী মিলেনিয়াম কোম্পানির কর্মকর্তা ও সাধারণ কর্মচারীদের পাশাপাশি আমন্ত্রণ জানানো হয় মালয়েশিয়ার স্থানীয় উচ্চপদস্থ ব্যক্তিত্ব, দাতো ও দাতশ্রীদের। দেশটিতে বসবাসরত বিভিন্ন বাংলাদেশি কমিউনিটির নেতারাও এ মিলনমেলায় অংশ নেন।

প্রায় চার শ’ থেকে পাঁচ শ’ প্রবাসী বাংলাদেশির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল যেন এক টুকরো বাংলাদেশে পরিণত হয়। প্রবাসের কর্মব্যস্ত জীবন ভুলে এমন উৎসবমুখর পরিবেশে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন সাধারণ প্রবাসীরা।

অনেকেই বলেন, বিদেশের মাটিতে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের এমন আয়োজন তাদের মনে দেশের প্রতি আবেগ আরও গভীর করে তোলে। একই সঙ্গে প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দেশটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং প্রবাসীদের ঐক্যবদ্ধ রাখতে ব্যবসায়ী অহিদুর রহমানের এই উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত অতিথিরা।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রবাসীদের জন্য খাঁটি বাঙালি স্বাদের ঐতিহ্যবাহী আপ্যায়ন। ঈদুল আজহার আমেজ ফুটিয়ে তুলতে মেন্যুতে ছিল গরুর গোশত, খাসির গোশত, বিভিন্ন ফলমূল এবং হরেক পদের সালাদ। বিদেশের মাটিতে দেশীয় স্বাদের এমন রাজকীয় আপ্যায়নে মুগ্ধতা প্রকাশ করেন অতিথিরা।

আয়োজকরা জানান, কর্মসংস্থানের তাগিদে প্রবাসে থাকা বাংলাদেশিরা যেন ঈদের স্বস্তি ও আনন্দ থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই প্রতিবছর এমন মেলবন্ধনের আয়োজন করা হয়। ভবিষ্যতেও সৌহার্দ্য ও সম্প্রীতির এ আয়োজন অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।