সৌদি আরবে এক সপ্তাহব্যাপী বিশেষ অভিযানে মোট ৭ হাজার ৭৬০ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত পরিচালিত এই অভিযানে রেসিডেন্সি, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার (৬ জুন) এক বিবৃতিতে এসব তথ্য প্রকাশ করেছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৪ হাজার ৬০ জন রেসিডেন্সি বা আকামা আইন লঙ্ঘন করেছেন। এছাড়া ২ হাজার ৫৭৪ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ১ হাজার ১২৬ জন শ্রম আইন অমান্য করার দায়ে আটক হয়েছেন।
অভিযানের সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ১৮৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে প্রায় ৭০ শতাংশ ইথিওপিয়ার, ২৮ শতাংশ ইয়েমেনের এবং বাকি ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
এছাড়া অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার সময় আরও ২৫ জনকে আটক করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইতোমধ্যে ৪ হাজার ৬৯০ জন অবৈধ প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। পাশাপাশি ১৪ হাজার ৪৯৫ জনকে ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে। আরও ৮৫০ জনের বহিষ্কার প্রক্রিয়া চলছে এবং তাদের বিমান টিকিট চূড়ান্ত করার কাজ চলছে।
বর্তমানে ২০ হাজার ৪৫৫ জন পুরুষ এবং ১ হাজার ৩১৯ জন নারীসহ মোট ২১ হাজার ৭৭৪ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
অন্যদিকে, অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় ও কর্মসংস্থানের সুযোগ দেওয়ার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, কেউ অবৈধভাবে প্রবেশকারী ব্যক্তিদের সহায়তা, আশ্রয় বা পরিবহন সুবিধা দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়া অপরাধে ব্যবহৃত যানবাহন ও স্থাবর সম্পত্তিও বাজেয়াপ্ত করা হতে পারে।
মন্ত্রণালয় সাধারণ জনগণকে এ ধরনের কোনো অনিয়মের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে আহ্বান জানিয়েছে। মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলের বাসিন্দাদের ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলের বাসিন্দাদের ৯৯৯ ও ৯৯৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
সূত্র: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
