ভারতের ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের
ভারতের ভিসার আবেদনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)।
সোমবার (১৫ জুন) দেওয়া এক নির্দেশনায় আইভ্যাক জানিয়েছে, পরবর্তী কার্যদিবসের অ্যাপয়েন্টমেন্ট স্লট আগের কার্যদিবসে প্রকাশ করা হবে। আবেদনকারীরা দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সাইন-আপ এবং ওয়েবফাইল আপলোড করতে পারবেন।
আইভ্যাকের নির্দেশনা অনুযায়ী, শুধু যেসব আবেদনকারী নির্ধারিত সময়ের মধ্যে সফলভাবে ওয়েবফাইল আপলোড করবেন, তারাই বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সুযোগ পাবেন।
সংস্থাটি আরও জানিয়েছে, আপলোড করা ওয়েবফাইল অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের পিডিএফ হতে হবে। আবেদনপত্র ৩০ দিনের বেশি পুরোনো হলে তা গ্রহণযোগ্য হবে না। একই সঙ্গে পরিবর্তিত, সম্পাদিত বা বিকৃত ফাইল আপলোড করলে আবেদন বাতিল করা হবে।
মেডিক্যাল ভিসার ক্ষেত্রে আইভ্যাক জানিয়েছে, আবেদনকারীকে সেই নির্ধারিত হাসপাতালেই যেতে হবে, যার জন্য ভিসা ইস্যু করা হয়েছে। ভিসা ইস্যুর পর হাসপাতাল পরিবর্তন করতে হলে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) অনুমতি নিতে হবে।
আইভ্যাক সতর্ক করে বলেছে, এফআরআরও-এর অনুমোদন ছাড়া হাসপাতাল পরিবর্তন করা হলে তা ভিসা বিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এতে ভবিষ্যতে ভারতে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
নতুন নির্দেশনার কারণে ভারতীয় ভিসা প্রত্যাশীদের নির্ধারিত সময়ের মধ্যে সঠিক ওয়েবফাইল আপলোড, অ্যাপয়েন্টমেন্ট বুকিং এবং মেডিক্যাল ভিসার শর্ত মেনে চলার বিষয়ে আরও সতর্ক থাকতে হবে।
