ক্ষমতা হারিয়ে অনেকে পালালেও খালেদা জিয়া দেশ ছাড়েননি: তারেক রহমান

tarique-rahman-smart-family-card-moulvibazar

মৌলভীবাজারে ‘স্মার্ট ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপের উদ্বোধন করতে গিয়ে রাজনৈতিক ও জনকল্যাণমূলক নানা পরিকল্পনার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ক্ষমতা হারিয়ে অনেকে দেশ ছেড়ে চলে গেলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কখনও দেশের মানুষকে ছেড়ে যাননি।

বুধবার (১৭ জুন) শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন। প্রবল বৃষ্টি উপেক্ষা করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক মানুষ সমাবেশে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ল্যাপটপের বোতাম চেপে নারীদের জন্য ‘স্মার্ট ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের তৃতীয় ধাপের উদ্বোধন করেন। এ সময় তিনি জানান, আগামী এক বছরের মধ্যে দেশের ৪০ লাখ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড এবং ৪০ লাখ কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে।

তিনি বলেন, ফ্যামিলি কার্ডধারীরা ঘরে বসেই মাসিক ২ হাজার ৫০০ টাকা ভাতা পাবেন। পাশাপাশি কৃষকদের জন্য বিভিন্ন সহায়তা কার্যক্রমও সম্প্রসারণ করা হবে।

তারেক রহমান বলেন, “গত ১৭ বছরে জনগণের অর্থ কীভাবে বিদেশে পাচার হয়েছে, তা দেশের মানুষ দেখেছে। জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় না করে বিদেশে সরিয়ে নেওয়া হয়েছিল। আমরা সেই অর্থ আর কোনোভাবেই পাচার হতে দেব না।”

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির অর্থায়ন নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রীয় সম্পদের অপচয় ও অর্থ পাচার বন্ধ করা গেলে এসব জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনায় অর্থের কোনো ঘাটতি হবে না।

রাজনৈতিক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, “যতবার দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে, ততবারই জনগণ ধানের শীষের পক্ষে রায় দিয়েছে। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে। ক্ষমতা হারিয়ে অনেকে পালালেও বেগম খালেদা জিয়া দেশ ছাড়েননি, তিনি দেশের মানুষের সঙ্গেই ছিলেন।”

দেশের স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। জানান, আগামী পাঁচ বছরের মধ্যে উপজেলা পর্যায়ের সব ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৫০ জন নারী চা-শ্রমিকের হাতে গৃহনির্মাণের জন্য দুই লাখ টাকা করে অনুদানের চেক, চা-শ্রমিক পরিবারের ১৫০ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা সহায়তার চেক বিতরণ করেন।

এর আগে সকালে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারে পৌঁছান তিনি। প্রবল বর্ষণের মধ্যেও সড়কের দুই পাশে হাজারো মানুষ তাকে স্বাগত জানান।

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।

পরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আরেক অনুষ্ঠানে সদর উপজেলার রাজনগর ইউনিয়নের টেংরা এলাকার ১৫২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।