ভরিতে কমল ৪ হাজার ৩৭৪ টাকা, নতুন করে সোনা-রুপার দাম নির্ধারণ বাজুসের

Gold price update Bangladesh

দেশের বাজারে সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারের দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ছিল ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

শুক্রবার (১৯ জুন) সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার পাশাপাশি রুপার দামও পুনর্নির্ধারণ করেছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ২৪৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপার দাম ৫ হাজার ১৬ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে, প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সোনা ও স্বর্ণালংকারের ওপর ভ্যাট ব্যবস্থায় পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। আগে মোট বিক্রয়মূল্যের ওপর ৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর (মূসক) আরোপ করা হলেও নতুন বাজেটে প্রতি ভরি সোনার ওপর নির্ধারিত ২ হাজার ৫০০ টাকা ভ্যাট আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে।

নতুন ভ্যাট কাঠামোর ভিত্তিতেই ভ্যাটসহ সোনা ও রুপার সর্বশেষ মূল্য নির্ধারণ করেছে বাজুস।