সাদা কাগজে স্বাক্ষর নয়: সৌদি প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ কনস্যুলেট

saudi-probashi-bangladeshis-warning

সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সাদা কাগজে স্বাক্ষর বা টিপসই না দেওয়ার জন্য বিশেষ সতর্কবার্তা দিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুরোধে কিংবা নির্দেশনায় এ ধরনের কাজ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।

বুধবার (২৪ জুন) জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে কনস্যুলেট জানায়, অসতর্কতাবশত সাদা কাগজে স্বাক্ষর বা টিপসই দিলে তা বিভিন্ন ধরনের আর্থিক প্রতারণা, জাল দলিল তৈরি, অবৈধ লেনদেন কিংবা অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অসাধু ব্যক্তি বা চক্র এসব স্বাক্ষরিত কাগজ ব্যবহার করে প্রবাসীদের বিরুদ্ধে বিভিন্ন আইনগত জটিলতা তৈরি করতে পারে। এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তি অজান্তেই ফৌজদারি মামলায় জড়িয়ে পড়তে পারেন। পাশাপাশি আর্থিক ক্ষতি, জেল-জরিমানা বা অন্যান্য শাস্তির মুখোমুখিও হতে হতে পারে।

এ পরিস্থিতিতে কোনো লিখিত কাগজপত্র, চুক্তিপত্র বা নথিতে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়ার আগে তার বিষয়বস্তু সম্পূর্ণভাবে বুঝে নেওয়া এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে কনস্যুলেট।

প্রবাসীদের নিরাপত্তা ও আইনগত সুরক্ষা নিশ্চিত করতে সচেতন থাকার পাশাপাশি সন্দেহজনক কোনো অনুরোধ পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা বাংলাদেশ কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।