মালয়েশিয়ার পাহাং রাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত যৌথ অভিযানে ১১৩ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। আটক ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন বাংলাদেশি নাগরিক, যার সংখ্যা ৮১ জন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ২টার দিকে পাহাং রাজ্যের হাবু এলাকায় একটি মিশ্র ভবন নির্মাণ প্রকল্পে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযোগ ছিল, নির্মাণকাজে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই বিদেশি কর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে অভিবাসন বিভাগ, স্টেট এনফোর্সমেন্ট ইউনিট এবং জেনারেল অপারেশনস ফোর্স (পিজিএ)-এর সমন্বয়ে অভিযান চালানো হয়।
পাহাং অভিবাসন বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে, অভিযানের সময় মোট ১৪৫ জন বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই করা হয়। যাচাই শেষে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১১৩ জনকে আটক করা হয়।
আটকদের মধ্যে ৮১ জন বাংলাদেশি, ২৯ জন ইন্দোনেশিয়ার, দুজন নেপালের এবং একজন মিয়ানমারের নাগরিক রয়েছেন। তাদের মধ্যে ১০৭ জন পুরুষ এবং ছয়জন নারী।
অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, বৈধ ভ্রমণ নথি ছাড়া মালয়েশিয়ায় অবস্থানের অভিযোগে ৬১ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া অনুমোদিত সময়ের বেশি অবস্থান করার অভিযোগে ২৬ জন, অভিবাসন আইন লঙ্ঘনের পৃথক ধারায় একজন এবং অভিবাসন বিধিমালা ভঙ্গের অভিযোগে আরও ২৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের পাহাং অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট কার্যালয়ে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মালয়েশিয়ার প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অভিযানে পাহাং স্টেট এনফোর্সমেন্ট ইউনিট, পাহাং অভিবাসন বিভাগ এবং জেনারেল অপারেশনস ফোর্সের (পিজিএ) প্রায় ৭০ জন কর্মকর্তা অংশ নেন।
মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ অভিবাসন এবং বৈধ অনুমতি ছাড়া বিদেশি কর্মী নিয়োগের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
