মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান নিরাপত্তা উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন নাগরিকদের ওই অঞ্চলে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। একই সঙ্গে যারা বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন, তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বর্তমানে অত্যন্ত জটিল এবং যেকোনো সময় তা আরও অবনতি ঘটতে পারে। এ কারণে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে এবং ভ্রমণ পরিকল্পনা নতুন করে মূল্যায়ন করতে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যারা ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থান করছেন, তাদের স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে হবে এবং পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ তথ্য জানতে নিয়মিত সংবাদ ও সরকারি ঘোষণা পর্যবেক্ষণ করতে হবে।
এছাড়া মধ্যপ্রাচ্য হয়ে যাতায়াতকারী আন্তর্জাতিক যাত্রীদের নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময়সূচি ও পরিচালনা পরিস্থিতি নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটের সময়সূচিতে হঠাৎ পরিবর্তন বা বাতিল হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি।
বিশ্লেষকদের মতে, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন দেশের সরকার নাগরিকদের জন্য ভ্রমণ নির্দেশনা নিয়মিত হালনাগাদ করছে। তাই বিদেশ ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের সরকারি ট্রাভেল অ্যাডভাইজরি অনুসরণ করাই সবচেয়ে নিরাপদ পদক্ষেপ।
