পর্তুগালে সিলেটি কমিউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

sylheti community iftar committee

পর্তুগালের আলগার্ভে অবস্থিত কোয়ার্টেইরা, ভিলামৌরা ও লুলে শহরে বসবাসরত প্রবাসী সিলেটি কমিটির উদ্যোগে মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) কোয়ার্টেইরা মসজিদে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রবাসী সিলেটি কমিউনিটি ও অন্যান্য দেশের রোজাদার মুসলিমদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। পরে উপস্থিত রোজাদারদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও আন্তরিকতার উষ্ণ পরিবেশ।

ইফতার মাহফিলের পরে পার্শ্ববর্তী রেস্তোরায় নব-গঠিত সিলেটি কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির সভাপতি বাবুল আহমেদ–এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো: জিয়াউল ইসলাম জিয়া–এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা ও অন্যান্য নেতৃবৃন্দ।

নবনির্বাচিত সভাপতি বাবুল আহমেদ তার বক্তব্যে সংগঠনকে আরও গতিশীল, স্বচ্ছ ও কল্যাণমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান, সামাজিক ও মানবিক কার্যক্রম জোরদার করা এবং নতুন প্রজন্মকে কমিউনিটি কার্যক্রমে সম্পৃক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত অতিথিবৃন্দ আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।