ফ্রান্সে আনজুমানে আল ইসলাহর উদ্যোগে ইসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

anjumane al islah france isale sawab

ফ্রান্সে বাংলাদেশি মুসলিম কমিউনিটির উদ্যোগে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহ.) ও শায়খুল হাদিস আল্লামা হবিবুর রহমান (রহ.)-এর ইসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) প্যারিস-এর অভারভিলা বাংলাদেশ কমিউনিটি মাদ্রাসা কমপ্লেক্সে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এ মাহফিলের আয়োজন করে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ফ্রান্স।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহ.)-এর নাতি ও দারুল হাদিস লতিফিয়া নর্থওয়েস্ট ইউকের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী। তিনি তাঁর বক্তব্যে হযরত আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহ.)-এর বর্ণাঢ্য ইলমি জীবন, দাওয়াতি মেহনাত এবং উম্মাহর কল্যাণে তাঁর আজীবন অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন।

তিনি বলেন, “এই মহান আলেমের আদর্শ ও কর্মপন্থা অনুসরণই বর্তমান প্রজন্মের জন্য সর্বোত্তম পথনির্দেশনা।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের সভাপতি মাওলানা মাসুক আহমদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহ.) ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের এক অনন্য দিকপাল, যার ইলম, তাকওয়া ও আখলাক আজও মুসলিম উম্মাহকে অনুপ্রেরণা জোগাচ্ছে।

মাহফিলে ফ্রান্সের বিভিন্ন অঞ্চল থেকে আগত বরেণ্য আলেম-ওলামা, ইসলামী ব্যক্তিত্ব এবং বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতি মাহফিলকে বিশেষ মর্যাদা ও তাৎপর্যে সমৃদ্ধ করে তোলে। মিলাদ ও বিশেষ দোয়ার মাধ্যমে ইসালে সাওয়াব মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।