নাহিদ রানার ৫ উইকেট, তানজিদের ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ

bangladesh vs pakistan 1st odi nahid Rana

দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে অল্প রানে আটকে রেখে ব্যাট হাতেও দাপট দেখিয়েছে বাংলাদেশ। ফলে ১১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৫.১ ওভারেই ৮ উইকেট ও ২০৯ বল হাতে রেখে জয় তুলে নেয় মেহেদী হাসান মিরাজের দল।

এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচ একই মাঠে অনুষ্ঠিত হবে ১৩ মার্চ।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩০.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১১৪ রান করে পাকিস্তান। যা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে পাকিস্তানের সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন ফাহিম আশরাফ। এছাড়া ফারহান করেন ২৭ রান।

বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন তরুণ পেসার নাহিদ রানা। তিনি ২৪ রানের বিনিময়ে ৫ উইকেট নেন। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নেন ৩ উইকেট।

পাকিস্তানের ইনিংসে প্রথম ধাক্কা দেন নাহিদ রানা। দশম ওভারে ওপেনার ফারহানকে আউট করে সাফল্যের সূচনা করেন তিনি।

এরপর নিজের পরের ওভারেই ফেরান শামিল হোসেনকে। টানা তৃতীয় ওভারে সাজঘরে ফেরান মাজ সাদকাতকে। এরপর মোহাম্মদ রিজওয়ানকেও আউট করে পাকিস্তানের মাঝের সারিতে বড় ধস নামান নাহিদ।

পরে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আগাকে ফিরিয়ে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন এই তরুণ পেসার।

১১৫ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন ওপেনার তানজিদ হাসান। মাত্র ৩২ বলে ফিফটি তুলে নেন তিনি।

৪২ বলে পাঁচ ছক্কা ও সাত চারে অপরাজিত ৬৭ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তানজিদ।

তাকে দারুণ সঙ্গ দেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় উইকেটে দুজন মিলে ৮২ রানের জুটি গড়েন। শান্ত ৩৩ বলে পাঁচ বাউন্ডারিতে ২৭ রান করে আউট হন।

শেষদিকে লিটন দাসকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করেন তানজিদ।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ৩০.৪ ওভারে ১১৪/১০
(ফাহিম ৩৭, ফারহান ২৭; নাহিদ ৫/২৪, মিরাজ ৩/২৯)

বাংলাদেশ: ১৫.১ ওভারে ১১৫/২
(তানজিদ ৬৭*, নাজমুল ২৭; আফ্রিদি ১/৩৫)

ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: নাহিদ রানা