মার্চে রেমিট্যান্সে নতুন ইতিহাস: ৩.৭৫ বিলিয়ন ডলার পাঠালেন প্রবাসীরা

record remittance in 2026

দেশের ইতিহাসে প্রবাসী আয়ে (রেমিট্যান্স) সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশ। চলতি বছরের মার্চ মাসে প্রবাসীরা পাঠিয়েছেন ৩ দশমিক ৭৫ বিলিয়ন (৩৭৫ কোটি ৫০ লাখ) মার্কিন ডলার, যা স্বাধীনতার পর একক কোনো মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।

বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড ছিল ২০২৫ সালের মার্চ মাসে, তখন দেশে এসেছিল ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার। মাত্র এক বছরের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ। এছাড়া ২০২৫ সালের ডিসেম্বর মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন ৩ দশমিক ২২ বিলিয়ন ডলার, যা বর্তমানে তৃতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, মার্চের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহ ঊর্ধ্বমুখী ছিল। রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা দেশে অর্থ পাঠানো বাড়িয়ে দেন। এর ফলে পুরো মাসে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার বা প্রায় পৌনে ৪ বিলিয়ন ডলারের রেমিট্যান্স দেশে এসেছে।

তথ্য অনুযায়ী, মার্চ মাসে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ৬৪ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। বিশেষায়িত ব্যাংকের মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪৬ কোটি ৪৭ লাখ ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৬৪ কোটি ডলার। আর বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে প্রায় এক কোটি ২০ হাজার ডলার।

তবে এ সময়ে সাতটি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এসব ব্যাংকের মধ্যে রয়েছে— বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বেসরকারি খাতের আইসিবি ইসলামি ব্যাংক ও পদ্মা ব্যাংক এবং বিদেশি খাতের ব্যাংক আলফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।