টানা দাবদাহের পর সারা দেশে তিন দিনের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির মতে, মঙ্গলবার থেকে দেশের আট বিভাগেই কম-বেশি বৃষ্টি হতে পারে, ফলে দিন ও রাতের তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।
সোমবার (৬ এপ্রিল) বিকেলে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ জানান, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। তবে বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। এরপর ১০ এপ্রিল থেকে ধীরে ধীরে বৃষ্টি কমে আবারও তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে,
- ৩৬–৩৭.৯°C: মৃদু তাপপ্রবাহ
- ৩৮–৩৯.৯°C: মাঝারি তাপপ্রবাহ
- ৪০–৪১.৯°C: তীব্র তাপপ্রবাহ
- ৪২°C বা তার বেশি: অতি তীব্র তাপপ্রবাহ
গত দুই দিন দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা দ্রুত কমেছে। বর্তমানে দেশের কোথাও তাপপ্রবাহ নেই বলে জানিয়েছে সংস্থাটি।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস।
