ব্রিটেনের পন্টিপ্রিড শহরের মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আমিনুর রহমান কাবিদ

aminur-rahman-kabid-pontypridd-mayor

যুক্তরাজ্যের সাউথ ওয়েলসের পন্টিপ্রিড শহরের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর আমিনুর রহমান কাবিদ। ২০২৬-২০২৭ মেয়াদের জন্য পন্টিপ্রিড টাউন কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাকে টাউন মেয়র হিসেবে নির্বাচিত করা হয়।

এর আগে আমিনুর রহমান কাবিদ ২০২৫-২০২৬ মেয়াদে পন্টিপ্রিড শহরের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। নতুন মেয়র হিসেবে তিনি বিদায়ী মেয়র কাউন্সিলর ক্যারল মরগানের স্থলাভিষিক্ত হয়েছেন। বার্ষিক সাধারণ সভায় কাউন্সিলর মরগান আনুষ্ঠানিকভাবে তার কাছে দায়িত্বভার হস্তান্তর করেন।

একই সভায় কাউন্সিলর লিন্ডা ডেভিস পন্টিপ্রিড টাউন কাউন্সিলের নতুন নেতা হিসেবে নিযুক্ত হয়েছেন।

আমিনুর রহমান কাবিদ পন্টিপ্রিডের ট্রেফরেস্ট ওয়ার্ডের প্রতিনিধিত্ব করেন। মেয়র নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আগামী এক বছর তার অন্যতম প্রধান লক্ষ্য হবে স্থানীয় নির্বাচিত দাতব্য সংস্থা “Pontypridd Men’s Shed”-এর জন্য তহবিল সংগ্রহ করা। এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

তিনি আরও জানান, পন্টিপ্রিড শহরের নাগরিকদের কল্যাণ, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং স্থানীয় জনসেবামূলক কার্যক্রমকে এগিয়ে নিতে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

যুক্তরাজ্যের মূলধারার রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় আমিনুর রহমান কাবিদ বর্তমানে লেবার পার্টির পন্টিপ্রিড সাউথ ইস্ট ব্রাঞ্চের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

এছাড়া তিনি একজন স্কুল গভর্নর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি পন্টিপ্রিড ফুডব্যাংক, রয়্যাল ব্রিটিশ লিজিয়ন পন্টিপ্রিড, স্থানীয় ফুটবল ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও কমিউনিটি সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

বাংলাদেশি বংশোদ্ভূত একজন কমিউনিটি নেতা হিসেবে আমিনুর রহমান কাবিদের এই অর্জন যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির জন্য গর্বের বিষয় হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় রাজনীতি, জনসেবা ও সামাজিক কাজে তার দীর্ঘদিনের সম্পৃক্ততা পন্টিপ্রিড শহরের নাগরিকদের সঙ্গে তার সম্পর্ককে আরও দৃঢ় করেছে।