বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম-এর আনা যৌন হয়রানির একাধিক অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামকে দেশের ক্রিকেটে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ বিসিবির পরিচালনা পর্ষদের এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ডের একটি সূত্র জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মঞ্জুরুল ইসলাম দেশের ক্রিকেটের কোনো কার্যক্রমে সম্পৃক্ত থাকতে পারবেন না।
অস্ট্রেলিয়াপ্রবাসী জাহানারা আলম গত নভেম্বরে এক সাক্ষাৎকারে মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। অভিযোগের প্রেক্ষিতে বিসিবি একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে। পরে জাহানারা লিখিতভাবেও একই অভিযোগ তদন্ত কমিটির কাছে দাখিল করেন।
গত ৪ ফেব্রুয়ারি প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, তদন্ত কমিটি চারটি নির্দিষ্ট অভিযোগ পর্যালোচনা করে। এর মধ্যে দুটি অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ না মিললেও বাকি দুটি অভিযোগে অসদাচরণের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। বোর্ড জানায়, অভিযুক্তের কিছু আচরণ পেশাদার মানদণ্ডের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং কিছু কর্মকাণ্ড সুপ্রিম কোর্টের নির্দেশিকায় বর্ণিত অসদাচরণ ও হয়রানির সংজ্ঞার আওতায় পড়ে।
তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই আজকের ভার্চুয়াল বোর্ড সভায় মঞ্জুরুল ইসলামকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়। বর্তমানে তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-এ কর্মরত থাকলেও গত বছরের ৩০ জুনের পর থেকে বিসিবির কোনো দায়িত্বে ছিলেন না।
শাস্তির বিষয়ে প্রতিক্রিয়া জানতে একাধিক সংবাদমাধ্যম মঞ্জুরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।
