বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে অনিয়ম তদন্তে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কমিটি গঠন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সংস্থাটির আশঙ্কা, সরকারের এই পদক্ষেপ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চোখে ‘বাহ্যিক হস্তক্ষেপ’ হিসেবে বিবেচিত হতে পারে, যা দেশের ক্রিকেটের স্থিতিশীলতা ও সদস্যপদকে ঝুঁকির মুখে ফেলতে পারে।
তবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর সঙ্গে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ঢাকায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, “তদন্ত কমিটির প্রতিবেদনের জন্য আমি অপেক্ষা করছি। প্রতিবেদন এলে তা যাচাই-বাছাই করে আইসিসির সঙ্গে কথা বলেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
প্রতিমন্ত্রী জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্রিকেট সংশ্লিষ্ট বিভিন্ন ক্লাব ও জেলা পর্যায় থেকে নির্বাচন নিয়ে অভিযোগ এসেছে। এসব অভিযোগের ভিত্তিতেই পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তার ভাষায়, “আমরা দায়িত্ব নেওয়ার পরে ক্লাব ও জেলা পর্যায় থেকে অভিযোগ এসেছে। সেগুলো আমলে নিয়েই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”
এদিকে সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েও তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী।
ভারতে নিরাপত্তা সংকটের কারণে বাংলাদেশ দল এবারের বিশ্বকাপে অংশ নেয়নি। পেসার মোস্তাফিজুর রহমান-কে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয়। তবে আইসিসি তাতে সম্মত না হওয়ায় শেষ পর্যন্ত দলটি বিশ্বকাপে অংশ নেয়নি।
এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময়ে, যখন ক্রীড়া উপদেষ্টা ছিলেন আসিফ নজরুল।
প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, “আমরা কেন বিশ্বকাপে অংশ নিতে পারিনি, কোথায় ঘাটতি ছিল—এসব বিষয় অবশ্যই খতিয়ে দেখা উচিত। ঈদের পর এ বিষয়ে আলাদা তদন্ত কমিটি গঠন করা হবে।”
