লেবাননের রাজধানী বৈরুত-এ ইসরাইলির বিমান হামলায় দিপালী নামে এক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হয়েছেন। শুক্রবার বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বৈরুত এ তথ্য নিশ্চিত করেছে।
দূতাবাস জানায়, বুধবার বৈরুতের হামরা এলাকায় তার কফিলের পরিবারের সঙ্গে অবস্থানকালে ইসরাইলের ভয়াবহ বিমান হামলায় ঘটনাস্থলেই নিহত হন দিপালী। তিনি ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকার শেখ মোফাজ্জলের মেয়ে।
দূতাবাস সূত্রে জানা গেছে, নিহত দিপালীর মরদেহ বর্তমানে বৈরুতের রফিক হারিরি ইউনিভার্সিটি হাসপাতাল-এর মর্গে রাখা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ দূতাবাস দিপালীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। একই হামলায় দিপালীর কফিল ও তার পরিবারের একাধিক সদস্যও নিহত হয়েছেন বলে দূতাবাস জানিয়েছে। কফিলের এক পরিচিত প্রতিবেশীর বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়।
