টাকা-গয়না থানায় রাখুন: ডিএমপির পরামর্শ

Police DMP

ঈদের ছুটিতে রাজধানীতে বাসা ফাঁকা রেখে যাওয়ার সময় নগদ টাকা, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ দলিল নিরাপদে রাখার জন্য আত্মীয়ের বাসায় বা নিকটস্থ থানায় জমা রাখার পরামর্শ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

রোববার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকাবাসীর উদ্দেশে এ পরামর্শ দেন তিনি।

সংবাদ সম্মেলনে মো. সরওয়ার বলেন, ঈদকে সামনে রেখে নগরবাসীর ঈদযাত্রা নির্বিঘ্ন করা এবং ফাঁকা রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে।

তিনি জানান, রাজধানীবাসী যেন নিরাপদ ও নির্ভাবনায় ঈদ উদযাপন করতে পারেন, সেই লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার নগরবাসীর উদ্দেশে বলেন, ঈদের ছুটিতে অনেকেই গ্রামের বাড়ি বা অন্যত্র চলে যান, ফলে অনেক বাসা ফাঁকা থাকে। এ সময় বাসায় নগদ অর্থ, স্বর্ণালংকার বা গুরুত্বপূর্ণ দলিল অরক্ষিত অবস্থায় না রাখার জন্য তিনি সতর্ক করেন।

তিনি বলেন, এই ধরনের মূল্যবান জিনিসপত্র আত্মীয়স্বজনের বাসায় বা নিকটস্থ থানায় নিরাপদে রেখে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে চুরি বা অন্য কোনো অপ্রীতিকর ঘটনার ঝুঁকি কমে।

ডিএমপি জানায়, ঈদকে সামনে রেখে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা, আবাসিক অঞ্চল এবং ফাঁকা বাসাবাড়ির নিরাপত্তায় বিশেষ টহল জোরদার করা হবে।