ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে সরকার সর্বোচ্চ নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, কোনো পরিবহন বাড়তি ভাড়া আদায় করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বুধবার (সকাল সোয়া ১১টা) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, বর্তমানে যাত্রীরা স্বস্তির সঙ্গে ঢাকা ছাড়তে পারছেন এবং বাসগুলো নির্ধারিত সময় অনুযায়ী ছেড়ে যাচ্ছে। যাত্রী হয়রানির কোনো অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, কিছু কিছু পরিবহন নির্ধারিত ভাড়ার তুলনায় ২০ থেকে ৩০ টাকা কম নিচ্ছে, যা যাত্রীদের জন্য স্বস্তিদায়ক। সরকার পরিস্থিতি মনিটরিং করছে এবং যাত্রীসেবায় কোনো অনিয়ম সহ্য করা হবে না।
মন্ত্রী জানান, দূরপাল্লার পরিবহনগুলোতে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। এছাড়া যমুনা সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে। গত মঙ্গলবার স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ৩২ হাজার বেশি যানবাহন চলাচল করেছে বলে জানান তিনি।
