ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
আগামী ৩ মার্চ থেকে অনলাইনে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রেলওয়ে সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের ভোগান্তি কমাতে এবং টিকিট বাণিজ্য রোধে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে। ফলে কাউন্টার থেকে কোনো টিকিট বিক্রি করা হবে না।
এদিকে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে নিয়মিত ট্রেনের পাশাপাশি ৫ জোড়া অর্থাৎ মোট ২০টি স্পেশাল ট্রেন যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে অতিরিক্ত যাত্রীচাপ সামাল দেওয়া সহজ হবে বলে আশা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।
প্রতিবছরের মতো এবারও ঈদকে কেন্দ্র করে ট্রেনের টিকিটের ব্যাপক চাহিদা তৈরি হবে। তাই যাত্রীদের নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী দ্রুত অনলাইনে টিকিট সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে।
