এপস্টেইন ফাইলস: মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে ভুক্তভোগীদের নগ্ন ছবি প্রকাশ

Epstein Files scandal

মার্কিন বিচার বিভাগ এপস্টেইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট অনুযায়ী বিপুল পরিমাণ নথি প্রকাশের সময় ভুক্তভোগীদের ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। নিউইয়র্ক টাইমসের অনুসন্ধানে দেখা গেছে, বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত ৩০ লাখের বেশি পৃষ্ঠার নথির মধ্যে অন্তত ৪০টি স্পষ্ট নগ্ন ছবি পাওয়া গেছে, যেখানে তরুণীদের মুখমণ্ডল পরিষ্কারভাবে দেখা যায়।

ছবিগুলো এপস্টেইনের ব্যক্তিগত সংগ্রহের অংশ বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে কিছু ছবি তাঁর ব্যক্তিগত দ্বীপ, সমুদ্রসৈকত ও শোবার ঘরে তোলা। যদিও ছবির ব্যক্তিরা অপ্রাপ্তবয়স্ক কি না তা নিশ্চিত নয়, তবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব—যা আইনত গুরুতর লঙ্ঘন।

নিউইয়র্ক টাইমস বিষয়টি জানালে বিচার বিভাগ ছবিগুলোর বেশির ভাগ সরিয়ে নেয় বা আংশিক সম্পাদনা করে। বিভাগটির এক মুখপাত্র জানিয়েছেন, ভুক্তভোগীদের শনাক্তযোগ্য ও যৌন প্রকৃতির তথ্য সংশোধনে দিনরাত কাজ চলছে এবং সম্পাদনা শেষ হলে নথি পুনরায় প্রকাশ করা হবে।

এপস্টেইনের হাতে নির্যাতনের শিকার অ্যানি ফার্মার এ ঘটনাকে ‘ভীষণ উদ্বেগজনক’ বলে আখ্যা দিয়েছেন। তাঁর মতে, ভুক্তভোগীদের সুরক্ষায় সরকার আইন মেনে চলবে—এই বিশ্বাস ভেঙে গেছে। অন্য ভুক্তভোগীদের আইনজীবীরাও একে ‘ঘৃণ্য অবহেলা’ হিসেবে বর্ণনা করেছেন।

এদিকে অভিযোগ উঠেছে, ভুক্তভোগীদের নাম ও তথ্য প্রকাশ করা হলেও ক্ষমতাবান ব্যক্তিদের পরিচয় গোপন রাখা হয়েছে। এমনকি একটি ছবিতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখ সম্পূর্ণ ঢেকে দেওয়া হলেও ভুক্তভোগীদের ক্ষেত্রে তা করা হয়নি।