বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর জেনেভা সফর উপলক্ষে ফ্রান্স বিএনপির একটি প্রতিনিধি দল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে প্রবাসীদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশা তুলে ধরে একটি স্মারকলিপি প্রদান করেছে।
শনিবার (৬ জুন) অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে ফ্রান্স বিএনপির নেতারা মন্ত্রীর কাছে প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট ১৮ দফা দাবি সম্বলিত স্মারকলিপি হস্তান্তর করেন। দাবিগুলোর মধ্যে ঢাকা-প্যারিস সরাসরি বিমান ফ্লাইট চালুর বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।
১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে মন্ত্রী জেনেভায় পৌঁছালে ফ্রান্স বিএনপির প্রতিনিধি দল তাকে ফুলেল শুভেচ্ছা জানায়। পরে স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠকে প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
স্মারকলিপি গ্রহণ করে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রবাসীদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন। তিনি বলেন, দাবিগুলো নিয়ে মন্ত্রণালয়ে আলোচনা করে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।
সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুবুল আলম রাঙ্গা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, বিএনপি নেতা মো. লুৎফর রহমান চৌধুরী, রফিকুল ইসলাম রাসেল, আব্দুল হাকিম, ফ্রান্স যুবদলের সহ-সভাপতি আবু বকর, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এম. আলী চৌধুরী, প্যারিস মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল আহমেদ, আল-আমিন, কামরুল ইসলামসহ অন্যান্য নেতারা।
প্রবাসীদের কল্যাণ ও বিভিন্ন প্রশাসনিক জটিলতা নিরসনে সরকারের সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বানও জানান প্রতিনিধিদলের সদস্যরা।
