শনিবার থেকেই স্বাভাবিক হবে জ্বালানি সরবরাহ

Oil pump

দেশে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি শনিবার থেকে পুনরায় পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেছে পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। একই সঙ্গে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার দেওয়া এক জরুরি বিবৃতিতে অ্যাসোসিয়েশন জানায়, অপ্রয়োজনীয় ভিড় তৈরি না করে স্বাভাবিকভাবে জ্বালানি সংগ্রহ করতে হবে। আতঙ্কে অতিরিক্ত তেল নেওয়ার প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, বর্তমানে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সংগ্রহের জন্য উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে, যা অনভিপ্রেত। তিনি বলেন, “আমার ৫০ বছরের ব্যবসায়িক জীবনে এমন পরিস্থিতি কখনো দেখিনি। এই অবস্থা সামলাতে সাধারণ গ্রাহকদের সংযত হতে হবে।”

জ্বালানি সংকটের কারণ ব্যাখ্যা করে সংগঠনটি জানায়, মার্চ মাসে অধিক সরকারি ছুটি থাকায় জ্বালানি তেলের ধারাবাহিক সরবরাহ প্রক্রিয়া কিছুটা ব্যাহত হয়েছে। এর ফলে দেশের কয়েকটি এলাকায় কিছু পাম্প সাময়িকভাবে তেলশূন্য হয়ে পড়ে।

তবে এই পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও জানানো হয়েছে বিবৃতিতে। অ্যাসোসিয়েশন আশা প্রকাশ করে বলেছে, শনিবার থেকেই সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হয়ে যাবে এবং সব পাম্পে পর্যাপ্ত জ্বালানি পাওয়া যাবে।