দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা।
শনিবার (২২ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। একই দিন সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা।
এক ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম।
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।
সংগঠনটি আরও জানিয়েছে, স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।
২০ আগস্টও বেড়েছিল স্বর্ণের দাম
এর আগে গত ২০ আগস্ট সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময় ভরিতে ৩ হাজার ৮৪৯ টাকা বাড়ানো হয়। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।
সেদিন ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা। ওই দামও সকাল ১০টা থেকে কার্যকর হয়েছিল।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১০৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৪ দফা দাম বাড়ানো হয়েছে, ৫১ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।
রুপার দামও বেড়েছে
স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও বাড়িয়েছে বাজুস। এবার ভরিতে ১৭৫ টাকা বাড়ানো হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ২৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৮৩ টাকা।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৬৩ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৩ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৩০ দফা কমানো হয়েছে। ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ১০ বার দাম বাড়ানো এবং তিনবার কমানো হয়েছিল।
