দেশের বাজারে টানা দ্বিতীয় দফায় সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানো হয়েছে। এতে ভ্যাটসহ এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।
শুক্রবার (৩ জুলাই ২০২৬) সকালে দেওয়া এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। একই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকায়। প্রতি ভরি সমান ১১ দশমিক ৬৬৪ গ্রাম।
ক্যারেটভেদে ২১ ক্যারেটের সোনার দাম বেড়েছে ৪ হাজার ১৯৯ টাকা। ১৮ ক্যারেটের দাম বেড়েছে ৩ হাজার ৫৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম বেড়েছে ২ হাজার ৯১৬ টাকা।
দুই দফায় বেড়েছে ৬ হাজার ৫৯০ টাকা
এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছিল বাজুস। তখন ভ্যাটসহ এক ভরি ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
ওই দফায় ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
এ হিসাবে টানা দুই দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম মোট ৬ হাজার ৫৯০ টাকা বেড়েছে। দেশের বাজারে সর্বশেষ পাঁচ দফা মূল্য সমন্বয়ের মধ্যে তিন দফায় দাম বাড়ানো হয়েছে।
চলতি বছরে ৮৬ বার দাম সমন্বয়
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ৮৬ বার সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৪৩ দফায় দাম বাড়ানো হয়েছে, ৪২ দফায় কমানো হয়েছে এবং এক দফায় ভ্যাট সমন্বয় করা হয়েছে।
এর আগে ২০২৫ সালে দেশের বাজারে সোনার দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ দফায় দাম বাড়ানো এবং ২৯ দফায় কমানো হয়েছিল।
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন দাম কার্যকর থাকবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে। সোনা ও রুপার অলংকারের ঘোষিত বিক্রয়মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।
বেড়েছে রুপার দামও
সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা বাড়িয়ে ৪ হাজার ৮৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৩ টাকায় বিক্রি হবে।
চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৫৩ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৭ দফায় দাম বেড়েছে এবং ২৬ দফায় কমেছে। ২০২৫ সালে রুপার দাম ১৩ বার সমন্বয় করা হয়েছিল। ওই বছর ১০ দফায় দাম বাড়ে এবং তিন দফায় কমে।
