আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার দিন দেশের বাজারে সোনার দাম আবারও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৪ হাজার ৪৩২ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নেমে এসেছে ২ লাখ ১৮ হাজার ৭৮২ টাকায়।
বৃহস্পতিবার (১১ জুন) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন মূল্য সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ৭৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
শুধু সোনাই নয়, রুপার দামও কমানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৮৪১ টাকা। ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে, স্বর্ণ ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে আসন্ন বাজেটে সোনা ও স্বর্ণালংকারের ওপর ভ্যাট কাঠামোয় পরিবর্তন আসতে পারে। বর্তমানে মোট বিক্রয়মূল্যের ওপর ৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট দিতে হয়।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, নতুন বাজেটে শতাংশভিত্তিক ভ্যাটের পরিবর্তে প্রতি ভরি সোনার ওপর নির্দিষ্ট অঙ্কের ভ্যাট আরোপের প্রস্তাব রাখা হতে পারে। প্রস্তাব অনুযায়ী, প্রতি ভরি সোনার ওপর ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হতে পারে।
বর্তমান বাজারদর অনুযায়ী, একটি ভরি স্বর্ণালংকার কেনার ক্ষেত্রে ক্রেতাদের ১০ হাজার টাকারও বেশি ভ্যাট দিতে হয়। নতুন ব্যবস্থায় ভ্যাটের বোঝা উল্লেখযোগ্যভাবে কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে উৎসে করও কমানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
স্বর্ণ ব্যবসায়ীরা মনে করছেন, ভ্যাট ও কর কাঠামোর এই পরিবর্তন কার্যকর হলে দেশের স্বর্ণবাজারে লেনদেন আরও গতিশীল হবে এবং ক্রেতারাও উপকৃত হবেন।
