হাদি হত্যার বিচার দাবিতে যমুনার সামনে অবস্থান ইনকিলাব মঞ্চ ও শহীদের স্ত্রী

Hadi justice demand protest

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের দাবিতে তারা সেখানে অবস্থান নেন।

এ সময় উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা, নিহত শরীফ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম সম্পাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

অবস্থান কর্মসূচি সম্পর্কে ইনকিলাব মঞ্চের নেতা ফাতিমা তাসনিম জুমা গণমাধ্যমকে বলেন,
জাতিসংঘের তত্ত্বাবধানে হাদি হত্যার সুষ্ঠু তদন্তের দাবিতে যমুনার সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ ও শহীদের স্ত্রী।

তিনি অভিযোগ করেন, সরকার, প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইনকিলাব মঞ্চ সব সময় সর্বাত্মক সহযোগিতা করে এসেছে। কিন্তু সংগঠনটির প্রতি সহযোগিতার ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাই হাত গুটিয়ে নিয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন, গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন শরীফ ওসমান হাদি।

গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।

এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গত ১৪ ডিসেম্বর পল্টন থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। পরে হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

তবে এখন পর্যন্ত মামলার অগ্রগতি নিয়ে সন্তোষজনক অগ্রগতি হয়নি বলে দাবি করছে ইনকিলাব মঞ্চ।