পর্তুগালে সামাজিক নিরাপত্তা তহবিলে অভিবাসীদের অবদান ১৪%

Portugal Immigrants

পর্তুগালে বসবাসরত অভিবাসীরা দেশটির সামাজিক নিরাপত্তা তহবিলে উল্লেখযোগ্য অবদান রাখছেন। ২০২৫ সালে অভিবাসীদের মোট অবদান দাঁড়িয়েছে ৪.১৫ বিলিয়ন ইউরো, যা দেশের মোট সামাজিক নিরাপত্তা অবদানের প্রায় ১৪ শতাংশ। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে Migration Observatory

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে এই অবদান উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সংস্থাটির বৈজ্ঞানিক পরিচালক Pedro Góis জানান, এই বৃদ্ধি এক দশকে নয়, বরং সাম্প্রতিক বছরগুলোতেই দ্রুত ঘটেছে। এর পেছনে নিয়মিতকরণ বা বৈধতা পাওয়ার বিভিন্ন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যা সামাজিক নিরাপত্তা অবদানের সঙ্গে যুক্ত ছিল।

২০১৫ সালে যেখানে অভিবাসীদের অবদান ছিল মাত্র ৪৮১ মিলিয়ন ইউরো, সেখানে ২০২২ সালের পর থেকে তা দ্রুত বৃদ্ধি পেয়ে ২০২৫ সালে ৪.১৫ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে। ২০১৫ সালেই প্রথমবারের মতো পর্তুগালের সামাজিক নিরাপত্তা ডাটাবেজে বিদেশি নাগরিকদের তথ্য আলাদা করে সংরক্ষণ শুরু হয়।

‘Financial contribution of foreign nationals to the current financial balance of Portuguese Social Security: administrative evidence for the period 2015–2025’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ে অবদানকারীর সংখ্যা ২ লাখ ৪ হাজার ১৫০ জন থেকে বেড়ে ১১ লাখ ১৫ হাজার ৫৪১ জনে পৌঁছেছে।

২০২৫ সালে বিদেশি নাগরিকদের জন্য সামাজিক নিরাপত্তা থেকে মোট ৮২২.০২ মিলিয়ন ইউরো বিভিন্ন সুবিধা হিসেবে প্রদান করা হয়েছে। ফলে মোট অবদানের তুলনায় প্রায় ৩.৩ বিলিয়ন ইউরোর বেশি ইতিবাচক ভারসাম্য তৈরি হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় বিদেশিদের সংখ্যা বেড়েছে ৪৪৭ শতাংশ, আর তাদের অবদান বেড়েছে ৭৬৩ শতাংশ। এতে বোঝা যায় যে শুধু জনসংখ্যা বৃদ্ধিই নয়, গড় অবদানের পরিমাণও বেড়েছে।

পেদ্রো গোইস বলেন, বর্তমানে অভিবাসীদের অবদান পর্তুগালের শ্রমবাজারের কাঠামোর সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ। তবে ব্যক্তিপ্রতি গড় অবদান সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য নেই, ফলে আরও বিশ্লেষণের সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, অনেক অভিবাসী হয়তো ন্যূনতম অবদান দিচ্ছেন, আবার কেউ কেউ পর্তুগিজ গড় বেতনের সমপরিমাণ অবদান রাখছেন। তাই ভবিষ্যতে এই অবদানের ধারাবাহিকতা কতটা থাকবে, তা নির্ভর করবে কর্মসংস্থান, অভিবাসন প্রবণতা এবং অর্থনৈতিক পরিস্থিতির ওপর।

বিশ্লেষকদের মতে, অভিবাসীদের অবদান বর্তমানে পর্তুগালের সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করছে। তবে ভবিষ্যতে এই জনগোষ্ঠী অবসর ভাতা বা অন্যান্য সুবিধা গ্রহণ শুরু করলে ব্যয়ের পরিমাণও বাড়তে পারে।

তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নতুন অবদানকারীদের বেশিরভাগই ২০ থেকে ৩৯ বছর বয়সী হওয়ায় অবসরভাতা সংক্রান্ত চাপ এখনই তৈরি হওয়ার সম্ভাবনা কম। ফলে দীর্ঘমেয়াদে সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় তাদের অবদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।