ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ

inqilab mancha police clash shahbag

জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় অন্তত ৯৬ জন আহত ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত ৯৬ জন চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে গেছেন, আবার কেউ কেউ এখনও চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে একজনকে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের রয়েছেন। সংগঠনটির দাবি, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, জাবেরের শরীরে স্প্রিন্টার জাতীয় কোনো বস্তু থাকতে পারে। সেটি গুলি কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে প্রথম দফা সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে সন্ধ্যার দিকেও একই এলাকায় পুলিশের সঙ্গে আবার সংঘর্ষ হয়।

সংঘর্ষে আহতদের রাত সাড়ে ৮টার দিকে অটোরিকশায় করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

এর আগে বৃহস্পতিবার বিকেল থেকে শরিফ ওসমান হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চ রাজধানীর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দুই ভাগে বিভক্ত হয়ে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল। কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ আগেই হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ব্যারিকেড স্থাপন করে।