ইরাকে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ শ্রাবণের মরদেহ সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরেছে। শুক্রবার ভোরে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ইসলাম ওবায়েদ মরদেহ গ্রহণ করেন।
জানা গেছে, মুন্সীগঞ্জ সদর উপজেলার বকুলতলা গ্রামের বাসিন্দা মোহাম্মদ শ্রাবণ প্রায় এক দশক আগে জীবিকার সন্ধানে ইরাকের বাগদাদে যান। সম্প্রতি সেখানে সংঘটিত মিসাইল হামলায় তিনি নিহত হন। তার এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাগদাদে বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে এবং সরকারি প্রক্রিয়ায় মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়। এর আগে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) পারভেজ আলম চৌধুরী আনুষ্ঠানিকভাবে মরদেহ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মরদেহ গ্রহণকালে গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
