উড়োজাহাজ চলাচলে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম আবারও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশের অভ্যন্তরীণ রুটে পরিচালিত ফ্লাইটগুলোর জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত মাসে একই জ্বালানির দাম ছিল ৯৫ টাকা ১২ পয়সা। ফলে নতুন ঘোষণার ফলে লিটারপ্রতি ১৭ টাকা ২৯ পয়সা বৃদ্ধি পেয়েছে।
শুধু অভ্যন্তরীণ ফ্লাইট নয়, আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ০.৬২৫৭ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ০.৭৩৮৪ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
রোববার (৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এই নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম ৯৪ টাকা ৯৩ পয়সা থেকে বাড়িয়ে ৯৫ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
অন্যদিকে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর জন্য তখন জেট ফুয়েলের দাম ০.৬২৪৬ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ০.৬২৫৭ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছিল।
বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেট ফুয়েলের এই নতুন মূল্য আজ রোববার রাত ১২টা থেকে কার্যকর হবে।
