দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখীর সতর্কবার্তা, ঝোড়ো হাওয়া ৮০ কিমি পর্যন্ত

Weather Forecast

দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার রাতে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী বয়ে যেতে পারে। এ সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়া হতে পারে।

তিনি বলেন, মৌসুমের এই সময়ে সাধারণত বিকাল থেকে রাতের মধ্যে হঠাৎ কালোমেঘ জমে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টি হয়ে থাকে। কোথাও কোথাও বজ্রপাতের ঝুঁকিও থাকে। বিশেষ করে হাওড় অঞ্চলে মাঠে কর্মরত কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ঝড় সতর্কবার্তায় আরও বলা হয়, কালবৈশাখীর সঙ্গে বজ্রপাত এবং বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে। এতে নিচু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতার সম্ভাবনাও রয়েছে।

এদিকে প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও দমকা হাওয়ার খবর পাওয়া গেছে। চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে পাঁচ থেকে সাত দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং এক থেকে তিনটি তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।